News

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর

ফেসবুক লাইভে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনটির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রিংকু আক্তার। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন এই নেত্রী।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডি ‘Rinku Akter’ থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। ৮ মিনিট ৫৩ সেকেন্ডের ওই লাইভে সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কারণ তুলে ধরেন রিংকু।

লাইভে রিংকু আক্তার বলেন, ‘আমি কখনো কারও ক্ষতি করিনি, বরং সবসময় মানুষের পাশে থাকতে চেয়েছি। আজ মনে হচ্ছে, এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আমি কখনো এনসিপি করতে চাইনি। কারও প্রতি বিদ্বেষ থেকে নয়, নিজের মানসিক শান্তির জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে বৈষম্যবিরোধী সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আমি কখনো এনসিপি করতে চাইনি, কখনো করবও না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমি এনসিপির নেত্রী নই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম।’

নিজের পারিবারিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একজন মেয়ে, আমার সংসার আছে। আমি নোংরা রাজনীতিতে জড়াতে চাই না। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেব।’

তবে কী কারণে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে লাইভে বিস্তারিত কিছু জানাননি রিংকু আক্তার।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button