News

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

সারাদেশে গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত টানা ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই ১২ দিনে সারাদেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাশকতার এসব ঘটনায় এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানায় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬৩ জনকে গ্রেপ্তার করেছে। তবে সংঘটিত প্রতিটি ঘটনার বিপরীতে আলাদাভাবে কতটি মামলা হয়েছে, তা পুলিশের তথ্যে উল্লেখ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব ঘটনার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নতুন করে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, জনবহুল এলাকায় ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কেবল মাঠপর্যায়ের অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনাই যথেষ্ট নয়; বরং এসব নাশকতার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, সংগঠক এবং অর্থের জোগানদাতাদেরও দ্রুত খুঁজে বের করা প্রয়োজন।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দ্রুততম সময়ে রেসপন্স করার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো সুযোগ দেওয়া হবে না এবং নাশকতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button