News
‘একাত্তরের ২১ নভেম্বর আমাদের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসের গৌরবোজ্জ্বল স্মারক’

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান থেকে শুরু করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের ভূমিকার কথা স্মরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি।
এ সময় তিনি বলেছেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করছে সশস্ত্র বাহিনী।’
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। এ অভিযানে মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও অংশ নেন। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়।”
আরও পড়ুন
তিনি বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করছে সশস্ত্র বাহিনী।”
বিবৃতিতে জামায়াতের আমির আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবে। একটি নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে পেশাদার, দক্ষ ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
বিবৃতির শেষাংশে মহান আল্লাহর কাছে বাংলাদেশের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশসেবায় আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করেন ডা. শফিকুর রহমান।
source: The Dhaka Diary