News

অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বিজিবি মহাপরিচালকের

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী© সংগৃহীত
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে তিনি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
 
রবিবার (২২ নভেম্বর) সকালে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তরে যান। সেখানে তিনি কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।
 
পরে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন তিনি। সেখানে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তাব্যবস্থা, টহল কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
 
এরপর বিজিবি মহাপরিচালক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
 
আরও পড়ুন
 
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বে থাকা সব পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পুশ-ইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিবর্গের প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ ছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার বিষয়ে প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করেন।
 
মহাপরিচালকের এ পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়কেরা উপস্থিত ছিলেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button