ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে ১৮০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আক্রান্তদের অনেকের শরীরেই অত্যন্ত বিষাক্ত রাসায়নিক মিথানলজনিত বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে।
রাজ্যের চান্ডেল জেলার চাকপিকারং এলাকায় এই ভেজাল মদ পানের ঘটনাটি ঘটে বলে জানা গেছে। অসুস্থদের ইম্ফলের শিজা হাসপাতাল এবং সাজিওয়ার বাবিনা হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে এবং ১৮০ জনের বেশি রোগী দুটি হাসপাতালে ভর্তি হয়েছেন।তিনি নিজে হাসপাতালগুলো পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় মুখ্যমন্ত্রী ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এই ট্র্যাজেডির জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আক্রান্ত চান্ডেল জেলায় চিকিৎসা সহায়তা জোরদার করতে সাধারণ চিকিৎসা বিশেষজ্ঞ ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল দল পাঠিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য, ভারতে অবৈধ ও ভেজাল মদ পান করে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে থাকে।সরকারি নিয়ন্ত্রণের বাইরে তৈরি ও বিক্রি হওয়া এসব সস্তা মদে অনেক সময় শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক মিথানল মেশানো হয়। চিকিৎসকদের মতে, মিথানল শরীরে প্রবেশ করলে তীব্র বিষক্রিয়ায় অন্ধত্ব, যকৃতের মারাত্মক ক্ষতি এবং এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
source: Azadir Dak