দেশের ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, টিকটকসহ সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ পালন করতে হবে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর রিট আবেদনটি দায়ের করেন এবং আদালতে এর পক্ষে শুনানি করেন। আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা প্রণয়ন ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জানান, নীতিমালা না থাকায় দেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, যা তাদের ওপর নানা প্রভাব ফেলছে এবং অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দেওয়ায় মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের বরাতে রিটে উল্লেখ করা হয় যে ঢাকার প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনেরও বেশি অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়, যা বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিক সুপারিশকৃত সীমার চেয়ে বেশি। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করে।
গবেষণা অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, অথচ সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য এই বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। পাশাপাশি অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে, যা অতিরিক্ত স্ক্রিন সময় কাটানো শিশুদের ক্ষেত্রে বেশি দেখা গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ, শারীরিক বৃদ্ধি ও সার্বিক মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
source: The Delta Lens