News
মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, বন্ধ চট্টগ্রামমুখী লেনে যান চলাচল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর চট্টগ্রামমুখী সেতুতে ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে মেরামতের জন্য আজ রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে সেতুটির দুই লেনে যান চলাচল বন্ধ রাখা হবে। তবে বিকল্প হিসেবে পাশের ঢাকামুখী দুই লেনের নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন চলাচল করবে। দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দিয়েছে। এ কারণে রোববার বিকেল থেকে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিশেষজ্ঞ একটি দল সেতুটি পরিদর্শন করবে। পরিদর্শনের পর মেরামতের কাজ শেষ করতে কত দিন সময় লাগতে পারে, তা জানা যাবে।
তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাশের ঢাকামুখী দুই লেনের নতুন সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ জানান, সড়ক ও জনপথ বিভাগ থেকে চট্টগ্রামমুখী সেতুতে ত্রুটি শনাক্তের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মেরামতের জন্য রোববার বিকেল ৫টা থেকে সেতুর দুই লেনে যান চলাচল বন্ধ থাকবে। পাশের সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যান চলাচল করবে।
তিনি বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, যানজট বা ভোগান্তি তৈরি হবে না। তবে বিষয়টি আরও আগে জানানো হলে এবং সাধারণ মানুষকে আগেভাগে অবহিত করা গেলে যানজট এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সুবিধা হতো।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতুটি দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন দুই লেনের সেতুটি দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে। এর আগেও কয়েক দফায় মেরামতের জন্য পুরোনো সেতুটি বন্ধ রাখা হয়েছিল। তখন নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করেছে।
এদিকে, এক সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের সময় যানজট এড়াতে সেতুর দুই প্রান্তে মুন্সীগঞ্জের ভবেরচর হাইওয়ে থানা ও কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের বাড়তি সতর্ক থাকতে হয়েছিল।
source: The Dhaka Diary