News

শেখ হাসিনার দেশে প্রবেশের গুঞ্জন, এক সীমান্তে নিরাপত্তা-নজরদারি জোরদার বিজিবির

নিরাপত্তা জোরদার বিজিবির© বিজিবির সৌজন্যে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে বেনাপোলসহ যশোরের কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে দেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
 
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দলকে টহল দিতে দেখা যায়। একই দিন সন্ধ্যায় এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান।
 
তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। এর মধ্যে একটি গুঞ্জন ছড়িয়ে দেয় শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়। কার্যক্রম নিষিদ্ধ দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর আছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।’
 
সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বিজিবির এই অধিনায়ক বলেন, ‘সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসী তথা সচেতন মহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনও অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি আমরা। পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়লে সীমান্তের অপরাধ দমন আরও সহজ হবে।’

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button