News

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ

চিকিৎসার প্রয়োজনে বারবার থাইল্যান্ডে যেতে হয়—এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির কাছে তিনি এ অনুরোধ জানান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে এ অনুরোধ জানানো হয়।

সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের এ প্রস্তাবকে স্বাগত জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে থাইল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চিকিৎসার জন্য ভিসা আবেদনকারীসহ বাংলাদেশি নাগরিকদের প্রতি থাইল্যান্ডের উদার সমর্থনের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে থাইল্যান্ডে বারবার চিকিৎসার প্রয়োজন হয়, এমন রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের অনুরোধ জানান তিনি।

জবাবে রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যেসব রোগীর এ ধরনের ভিসা প্রয়োজন, তাদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়া হবে।

এ ছাড়া আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদার জন্য বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থনের জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।

এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button