News
৫৫ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে ইসি, ডাক পাচ্ছে জাতীয় পার্টি— বাদ আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দল

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নেতৃত্বাধীন ১৪ দলের শরিক চারটি রাজনৈতিক দল আমন্ত্রণ পাচ্ছে না। দলগুলো হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা যায়, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর নির্বাচন ভবনে তিন দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে। তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটির কার্যক্রমও নিষিদ্ধ থাকায় সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না।
এ ছাড়া ইসিতে নিবন্ধিত দলগুলোর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে ডাকা হচ্ছে না। তবে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এ সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পাচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পাশাপাশি ইউপি নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পৃথক বৈঠক করা হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের পাশাপাশি পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে কমিশন।
ইউপি নির্বাচনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—এই চার পক্ষের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট
এবার দেশের ৫০৮ উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট গ্রহণ করা হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা না হলেও পাঁচ ধাপের ভোটের তারিখ ও কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, তা চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১২৭ উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫ উপজেলার ১ হাজার ৬৯টি ইউপিতে ভোট হবে। তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে ১৩ মে ৯৬ উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ৪০ উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
অর্থাৎ, পাঁচ ধাপে মোট ৫০৮ উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা নিয়েছে কমিশন। নির্দলীয় প্রতীকে হবে এবারের নির্বাচন এবারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। পাঁচ ধাপে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
এর আগে গত ১২ অক্টোবর নিজেদের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল কমিশন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হচ্ছে। সংলাপে দলগুলোর মতামত ও সহযোগিতা নিয়ে আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে আলোচনা করবে কমিশন।
source: The Dhaka Diary