News

পাখি তাড়াতে বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ও বন্দুক কেনার নির্দেশ

দেশের বিমানবন্দরগুলোতে পাখির আঘাতজনিত দুর্ঘটনা (বার্ড হিট) রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও পাখি তাড়ানোর বন্দুক কেনার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আধুনিক পাখি নিয়ন্ত্রণ ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ দিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে ‘বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনা জাতীয় কমিটি’র প্রথম সভায় তিনি এসব নির্দেশ দেন।

সভায় মন্ত্রী বলেন, উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা বিমান পরিবহন খাতের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। পাখির আঘাতে উড়োজাহাজের ইঞ্জিন ও সামনের কাচসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ফ্লাইটের সময়সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি উড়োজাহাজ পরিচালনায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button