নভেম্বরে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: উপদেষ্টা জাহেদ

নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ৯৯টি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর ৭২টি ঝটিকা মিছিলের ঘটনায় ২২টি মামলা ও ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন।
জাহেদ উর রহমান উল্লেখ করেন, এই দলটির কর্মকাণ্ডের ওপর যেহেতু আইনি নিষেধাজ্ঞা রয়েছে, তাই তারা কোনো ঝটিকা মিছিল করতে পারে না। তিনি বলেন, এটি সম্পূর্ণ বেআইনি এবং এ কারণে জড়িতদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের মতো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের তথ্য তুলে ধরে তিনি জানান, এসব সহিংসতায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি জিডি দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১০০ জন।
তথ্য উপদেষ্টা আরও জানান, আলোচিত সময়ে পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে চারটি এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৮টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সারা দেশে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনাও সংবাদ সম্মেলনে উঠে আসে। জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ ধরনের ৭২টি ঘটনা ঘটেছে, অন্যদিকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন যে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সরবরাহ করে তথ্য মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Azadir Dak