News
এবারই প্রথম নয়, ১৬ ডিসেম্বরের আগে বিগত বছরেও পরিচ্ছন্নতার কাজে বন্ধ থাকত জাতীয় স্মৃতিসৌধ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি ২০২৬ সালের ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের খবর সামনে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এর মধ্যেই মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক সৃষ্টি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি পোস্ট করে বিভিন্ন অপতথ্য ছড়াতে দেখা যায় দলটির নেতাকর্মীদের।
তবে বিজয় দিবসের আগে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত এবারই প্রথম নয়। রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তার প্রস্তুতির অংশ হিসেবে বিগত বছরগুলোতেও নির্দিষ্ট সময়ের জন্য স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাওয়া তথ্যেও এর ধারাবাহিকতা দেখা যায়। কোনো বছর আট দিন, কোনো বছর ১০ থেকে ১২ দিন পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিল।
রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। এটি প্রতি বছরই হয়ে থাকে—আনোয়ার খান আনু, ইনচার্জ, জাতীয় স্মৃতিসৌধ
জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ রাখার সময়কাল পর্যালোচনা করলে দেখা যায়, গত কয়েক বছর ধরেই বিজয় দিবসের আগে একাধিক দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ রাখা হচ্ছে। প্রতিবারই এর কারণ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার, সৌন্দর্যবর্ধন, রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার কথা জানানো হয়েছে।
২০২২ সালে ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। ওই সময় স্মৃতিসৌধ ধোয়া-মোছা, সৌন্দর্যবর্ধন, সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও মোটরসাইকেল মহড়ার প্রস্তুতি নেওয়া হয়। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রায় ১৫০ জন কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিলেন।
২০২৩ সালেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছর ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টানা ১২ দিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, তৎকালীন প্রধানমন্ত্রী ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতির পাশাপাশি স্মৃতিসৌধের সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়।
২০২৪ সালে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আট দিন জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ ছিল। ওই বছরের ৮ ডিসেম্বর স্মৃতিসৌধের মূল ফটকে এ-সংক্রান্ত নোটিশ টাঙানো হয়। তখন কর্তৃপক্ষ জানিয়েছিল, রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ প্রস্তুত করা এবং ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৫ সালেও এর ব্যতিক্রম ঘটেনি। ওই বছর ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্মৃতিসৌধের পাকা অংশ ধোয়া-মোছা, ইট ঘষেমেজে রং করা এবং আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ করা হয়। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু তখন জানিয়েছিলেন, বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগেও একই ধরনের সিদ্ধান্তের নজির রয়েছে। ২০২০ সালে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিন স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ রাখার নির্দেশনা ছিল।
অর্থাৎ, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিটি বছরেই বিজয় দিবসের আগে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোনো বছর আট দিন, কোনো বছর ১০ থেকে ১২ দিন এবং ২০২৬ সালে ছয় দিন পূর্ণাঙ্গভাবে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবারের সিদ্ধান্তকে একেবারে নতুন বা নজিরবিহীন বলার সুযোগ নেই।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। এটি প্রতি বছরই হয়ে থাকে।
source: The Dhaka Diary