News

ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার মর্যাদা রক্ষায় ভারতকে বাস্তবতা বোঝার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া ও এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অভিযোগ তুলে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি। বাংলাদেশের মানুষ কোনো বিদেশি রাষ্ট্রের করুণা বা অনুকম্পায় স্বাধীনতা অর্জন করেনি উল্লেখ করে তিনি বলেন, রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় এ দেশের মানুষ ঐক্যবদ্ধ ও আপসহীন।

তিনি বলেন, বাংলাদেশ কোনো করদ রাজ্য বা আশ্রিত ভূখণ্ড নয় কিংবা অন্য কোনো রাষ্ট্রের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রও নয়। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ; দিল্লি বা অন্য কোনো দেশের রাজনৈতিক নেতা বা গোষ্ঠী নয়। ১৬ ডিসেম্বরকে সামনে রেখে এ ধরনের বক্তব্য দেশের মানুষের আত্মমর্যাদার ওপর আঘাত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button