আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্য ও যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মিজানুর রহমান মিজানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে কঠোর সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, দলের কোনো পর্যায়ের নেতাকর্মী যদি বহিষ্কৃত মিজানুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ রাখেন, তবে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে আদালতে সাক্ষাতের একটি ঘটনায় আলোচনায় আসেন মিজানুর রহমান।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর বগুড়া আদালতে আমিনুল ইসলামকে হাজির করা হলে সেখানে মিজানুর রহমানকে তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে তাঁদের এই সাক্ষাতের প্রকৃত কারণ বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
আদালত প্রাঙ্গণে যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাৎ এবং এর জেরে দল থেকে বহিষ্কারের এই ঘটনায় বগুড়ার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
source: Azadir Dak