তরুণীর সঙ্গে আপত্তিকর এমপির পিএস ও ছাত্রদল নেতার ভিডিও ভাইরালের পর অব্যাহতি

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরুর পর তাকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে নয়নকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে তাঁদের অন্তরঙ্গ অবস্থার দৃশ্যও দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ জুন সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন। ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় ভিডিওটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
জানতে চাইলে শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন ভিডিওর বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
নয়ন বলেন, ‘আমাকে ফাঁদে ফেলা হয়েছে। আমার প্রতিপক্ষের লোকজন এক নারীকে দিয়ে ফাঁদ পেতেছে। আমি না বুঝে ভুল কাজ করেছি। তবে ওই তরুণীর সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। আমি অন্য একজনকে বিয়ে করেছি।’
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, ছাত্রদলের মতো একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো দুঃখজনক। একজন নেতার ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিশেষ করে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তির কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি রক্ষায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নেবে। কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না।
source: The Daily Campus