News

ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার

ভারত থেকে ফিরে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক শীর্ষ নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লায় যুবদলের এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্ষা ও আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃত যুবদল কর্মীর নাম আজহারুল ইসলাম। তিনি নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিতেন। তবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সূত্রে জানা গেছে, আজহারুল কেবল সংগঠনের একজন সাধারণ কর্মী, তাঁর কোনো সাংগঠনিক পদ নেই।

আজহারুলের বাড়িতে আশ্রয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে আজহারুলের বাড়িতে অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) গিয়াস উদ্দিন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আজহারুলকে বহিষ্কারের বিষয়টি জানানোর পাশাপাশি তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পরপরই আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।

যুবদল কর্মীর বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের একজন শীর্ষ নেতার দীর্ঘদিন অবস্থানের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজহারুল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে খোকার আপন খালাতো ভাই। অনেকের ধারণা, আবুল কালামের সঙ্গে আত্মীয়তার প্রভাব খাটিয়েই আজহারুল ওই ছাত্রলীগ নেতাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।

তবে এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন বলেন, আবুল কালাম আজাদের সঙ্গে আজহারুলের আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু এ ঘটনায় খোকার কোনো ভূমিকা নেই। এ ছাড়া আবুল কালাম দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

জেলা পুলিশ ও ডিবি পুলিশের সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিনের মধ্যেই অবৈধ পথে কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন। সেখানে দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর প্রায় দেড় মাস আগে তিনি দেশে ফিরে গোপনে সাংগঠনিক তৎপরতা শুরু করেন।

দেশে ফেরার পর থেকে তিনি বারপাড়া এলাকার আজহারুল ইসলামের বাড়িতে আত্মগোপনে ছিলেন এবং আজহারুলের তত্ত্বাবধানেই সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ২০২৪ সালের ২৩ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা এবং একই বছরের ২১ নভেম্বর কুমিল্লা সদর দক্ষিণ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরেকটি মামলা রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ডিবি পুলিশের বিশেষ অভিযানে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button