News

শেখ হাসিনা দেশে ফিরছেন না, জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি মোটামুটি স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন উল্লেখ করেন, শেখ হাসিনার ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জয়সওয়াল বলেছেন যে, বৈধ ট্রাভেল ডকুমেন্টস থাকলে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন এবং এটি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা কেবল বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে পারবেন। রাশেদ খাঁনের মতে, জয়সওয়ালের কথা শুনে স্পষ্ট যে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভারত তাকে ফেরত পাঠাবে না; অর্থাৎ শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি তিনি একরকম স্পষ্ট করেই দিয়েছেন।

এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়, তবে ঢাকার প্রত্যর্পণ অনুরোধ ভারত নির্ধারিত প্রক্রিয়ায় খতিয়ে দেখছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button