News

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ আরও ১৩

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারী বৃষ্টির পর একটি অবৈধ স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। উদ্ধারকারী দলের এক কর্মকর্তার বরাতে আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। সোমবার টানা ভারী বৃষ্টিতে পাশের নদীর পানি বেড়ে উপচে পড়ে। সেই পানি খনিতে ঢুকে পড়লে ভেতরে থাকা শ্রমিকেরা আটকা পড়েন।

স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন।

উদ্ধার অভিযান চালাতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। খনির গর্তগুলো সরু এবং প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) গভীর। সেখানে আলোও কম। এছাড়া পথ ও মাটি পিচ্ছিল হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

দেশিয়ানা বলেন, ‘মাঠের পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানান, সোমবার খনিতে পানি ঢোকার আগেই ১১ শ্রমিক নিরাপদে বেরিয়ে আসেন।

তিনি আরও জানান, খনিতে শ্রমিক আটকে পড়ার খবর কর্তৃপক্ষ পায় মঙ্গলবার।

খনিজ সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় প্রায়ই খনিদুর্ঘটনা ঘটে। বিশেষ করে অবৈধ খনিগুলোতে নিরাপত্তাব্যবস্থা দুর্বল। অনেক ক্ষেত্রে নিরাপত্তার নিয়মও মানা হয় না।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button