News

পাকিস্তানের জাতীয় পরিষদ ও সামরিক একাডেমি পরিদর্শন করলেন স্পিকার

পাকিস্তানের জাতীয় পরিষদ ও দেশটির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার দেশটির রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট ভবন এবং কাকুলে অবস্থিত সামরিক একাডেমি পরিদর্শন করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পার্লামেন্ট ভবনে পৌঁছালে তাদের স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, দেশটির সংসদ সদস্য এবং সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

পরিদর্শনকালে বাংলাদেশের স্পিকার পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দুই দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদারের জন্য দোয়া করা হয়।

এরপর বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন কক্ষ পরিদর্শন করেন। এ সময় সরদার আয়াজ সাদিক তাদের অধিবেশন কক্ষের ঐতিহাসিক গুরুত্ব এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়নপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।

দুই স্পিকারের বক্তব্যে সংসদীয় সম্পর্ক জোরদারের প্রত্যয়

পরিদর্শনকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে গুরুত্ব দেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

আয়াজ সাদিক বলেন, হাফিজ উদ্দিন আহমদের এ সফর দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদীয় প্রতিনিধি দল বিনিময় এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তিনি আরো বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে কাজে লাগিয়ে সংসদীয় পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণ করা সম্ভব। আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোতেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাকিস্তানে এসে অতীতের অনেক স্মৃতি মনে পড়ছে উল্লেখ করে তিনি দুই দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরে নিয়মিত যোগাযোগ ও প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বাংলাদেশের স্পিকারের এ সফর দুই দেশের সংসদীয় সহযোগিতা বাড়ানো, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের ব্যক্তিগত উদ্যোগ ও আমন্ত্রণে এ সফরের আয়োজন করা হয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে তার অঙ্গীকারের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শন

পাকিস্তান সফরে নিজের অতীতের সামরিক প্রশিক্ষণ ও কর্মজীবনের স্মৃতিও সামনে এসেছে বাংলাদেশের স্পিকারের। হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী। সেখানে প্রশিক্ষণ শেষে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দায়িত্ব পালন করেন। পরে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়ে বীর বিক্রম খেতাব অর্জন করেন।

বুধবার কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শন করেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে তাকে স্বাগত জানান একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী।

পরিদর্শনকালে পাকিস্তান সেনাবাহিনীতে নিজের কর্মজীবন এবং একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সময়ের স্মৃতিচারণ করেন তিনি। হাফিজ উদ্দিন আহমদ বলেন, একাডেমিতে কাটানো জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলো তার ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। সেই স্মৃতিগুলো এখনো তার কাছে বিশেষভাবে মূল্যবান।

এ সময় একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন বাংলাদেশের স্পিকার। পাশাপাশি সেখানে প্রশিক্ষণরত বাংলাদেশি ক্যাডেটদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। এ পরিদর্শনের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কের বন্ধন নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

৫৫ বছর পর বাংলাদেশের কোনো স্পিকারের প্রথম আনুষ্ঠানিক সফর

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে গত ২৩ নভেম্বর ইসলামাবাদে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২৯ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন টানাপোড়েন ছিল। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও সংসদীয় যোগাযোগ বাড়ানোর উদ্যোগ দেখা যাচ্ছে।

২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফর করেন। একই বছরের ডিসেম্বরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল অংশ নেন।

প্রতিনিধিদলে পাঁচ সংসদ সদস্য

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে পাকিস্তান সফর করছেন বাংলাদেশের পাঁচ সংসদ সদস্য। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরাত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খানও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।

সফরের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদলের লাহোর ও করাচি যাওয়ারও পরিকল্পনা রয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি), ডন, মিনিট মিরর, পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয় ও উই নিউজ

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button