সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কথিত তাণ্ডব, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ ও কবিতা পাঠ অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ড. শহিদ আলম।
source: Daily Amar Desh