News
বাংলাদেশ দখলে ভারতের মন্ত্রীর বক্তব্যের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন,—‘পৃথিবীর সব জায়গায় কিছু পাগল থাকে’

ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার’ বক্তব্যকে গুরুত্ব না দিয়ে তাকে ‘পাগল’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন,“পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে দেশটির কেন্দ্রীয় সরকারের, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।”
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, “দেখেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। এটা সব জায়গাতেই আছে। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।”
আরও পড়ুন
তিনি আরও বলেন,“আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার। এ ধরনের আলোচনা বাদ দেওয়া যাক। জাতীয় পর্যায়ের সরকারগুলোর মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে।”
এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, “আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেব। অনেক হয়েছে; বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব। এতে কোনো সন্দেহ নেই।”
এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়েও মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন,“শেখ হাসিনাকে নিয়ে ভারতও বিপদে রয়েছে। একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে রাখার চ্যালেঞ্জ ও অসুবিধা ভারত উপলব্ধি করছে। তিনি বলেন, শেখ হাসিনাকে রাখা নিয়ে ভারত অপ্রয়োজনীয় বিরক্তির মধ্যে রয়েছে। তাকে ফেরত দেওয়ার বিষয়টিও ভারতের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে।”
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুই দেশের আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে তো হাসিনাসহ আরও আওয়ামী টেররিস্টরা রয়েছে। হাদির হত্যাকারীরা রয়েছে।”
এ ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যা করণীয়, তা করা হবে।
source: The Dhaka Diary