ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার রেকর্ড, বাড়ছে মানসিক রোগি

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার চাপ ব্যাপকভাবে বেড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২০ হাজার সেনা মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন, যাঁদের মধ্যে যুদ্ধ-পরবর্তী মানসিক আঘাতজনিত সমস্যা (পিটিএসডি), উদ্বেগ ও বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩১ হাজার ৫০০-এর বেশি আহত সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের অধীনে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে প্রায় ১৯ হাজার ৬০০ জন, অর্থাৎ ৬২ শতাংশই মানসিক স্বাস্থ্য সমস্যার শিকার।
পরিসংখ্যান অনুযায়ী, মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা সদস্যদের মধ্যে ১০ হাজার ১০০ জনের শুধু মানসিক সমস্যাই রয়েছে। অন্যদিকে, ৯ হাজার ৪০০ জন শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক সমস্যারও চিকিৎসা নিচ্ছেন।
আহত সেনাদের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় পুনর্বাসন বিভাগের বাজেট প্রায় দ্বিগুণ করে ৩৪০ কোটি ডলারে উন্নীত করা হয়েছে এবং এর বড় অংশ মানসিক স্বাস্থ্য, পিটিএসডি ও মাথায় আঘাতজনিত সমস্যার চিকিৎসার জন্য বরাদ্দ রাখা হয়েছে।
তবে বাজেট বাড়লেও সেবার সক্ষমতা সেই অনুপাতে বাড়েনি। অনেক আহত সেনাকে চিকিৎসা ও অক্ষমতার মাত্রা নির্ধারণের জন্য মেডিকেল কমিটির শুনানিতে অংশ নিতে কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি জনবলের ঘাটতিও প্রকট; কর্মকর্তাদের হিসাবে, একজন পুনর্বাসনকর্মীকে গড়ে প্রায় ৭৫০ জন রোগীর দায়িত্ব সামলাতে হচ্ছে।
সেনাদের মানসিক সংকটের আরেকটি গুরুতর দিক উঠে এসেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের সাম্প্রতিক অনুসন্ধানে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দায়িত্বে থাকা ২৩ জন ইসরায়েলি সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন, যা গত ১৬ বছরের মধ্যে এক বছরে সর্বোচ্চ সংখ্যা।
এ ছাড়া গাজা যুদ্ধে নিয়মিত ও রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা আরও ১৭ জন সাবেক সেনা চলতি বছর চাকরি ছাড়ার পর আত্মহত্যা করেছেন। ফলে দায়িত্বে থাকা ও সাবেক সেনা মিলিয়ে এ বছর অন্তত ৪০ জনের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে এবং এর বাইরে পাঁচজন পুলিশ সদস্যের আত্মহত্যার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুদ্ধের আগে এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে প্রায় ১২টি আত্মহত্যার ঘটনা ঘটত। কিন্তু ২০২৩ সালের শেষ ভাগে সাতটি ঘটনার পর ২০২৪ সালে ২১ জন এবং ২০২৫ সালে ২২ জন সেনা আত্মহত্যা করেন, আর চলতি বছর সেই সংখ্যা আরও বেড়েছে।
সেনাদের মানসিক সংকটের পাশাপাশি সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। ইসরায়েলের সেনা ন্যায়পাল বা ওম্বাডসওম্যানের এ বছরের প্রতিবেদনে সেনাদের ওপর নির্যাতন, বর্ণবাদী আচরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো অভিযোগ উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে সেনাদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে ৬ হাজার ৬২১টি অভিযোগ জমা পড়েছিল। এসব অভিযোগের মধ্যে বর্ণবাদী আচরণ, চিকিৎসা না দেওয়া বা চিকিৎসা পেতে বাধা সৃষ্টি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে দুর্ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সব মিলিয়ে গাজা যুদ্ধের প্রভাব যে শুধু যুদ্ধক্ষেত্রের হতাহত বা শারীরিক ক্ষয়ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই, তা ইসরায়েলের নিজস্ব পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে উঠেছে। বিপুলসংখ্যক সেনার মানসিক চিকিৎসার চাহিদা, পুনর্বাসন ব্যবস্থার ওপর বাড়তি চাপ এবং আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা দেশটির সামরিক বাহিনীকে দীর্ঘমেয়াদি সংকটের মুখে ফেলেছে।
source: Azadir Dak