News

দেশবিরোধী কোনো চুক্তি হবে না: বেবিচক চেয়ারম্যান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রোববার বেলা ১১টায় বেবিচকের সদর দপ্তরের অডিটোরিয়ামে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বেবিচকের সব সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরা।

বেবিচক চেয়ারম্যান বলেন, কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button