ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সফরে তার সঙ্গে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলে সংসদ সদস্য নাসের রহমান, জাহরাত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলুফার চৌধুরী ছিলেন। সফরকালে তারা পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
সফর শেষে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এ সময় সংসদ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ছয় দিনের এ সরকারি সফরের মধ্য দিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় পর্যায়ের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হয়েছে।
source: Azadir Dak