News

ফিলিস্তিনে দখলদারিত্ব ও আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান© ঢাকা ডায়েরি

ফিলিস্তিনে দখলদারিত্ব, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রবিবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, আগ্রাসন, হত্যা, নির্যাতন ও মানবিক বিপর্যয়ের শিকার। তাদের ওপর পরিচালিত নির্মমতা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।”

ফিলিস্তিনকে মুসলিম উম্মাহর ঈমান, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত পবিত্র ভূমি উল্লেখ করে তিনি বলেন, “পবিত্র মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মেরাজের স্মৃতিবিজড়িত এ মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

জামায়াত আমির বলেন, “দীর্ঘদিনের ইসরায়েলি দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন, অবরোধ ও সামরিক আগ্রাসনে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একটি জাতিকে নিজ ভূখণ্ডে নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করার কোনো নৈতিক বা আইনগত ভিত্তি নেই।”

তিনি বলেন, “ফিলিস্তিনি সংকটের মূল কারণ দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা। এই সংকটের স্থায়ী সমাধানের জন্য ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।”

দখলদারিত্ব ও আগ্রাসন অব্যাহত রেখে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাণীতে ডা. শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং নির্যাতিত মানুষের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করা হয়েছে।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফিলিস্তিনে দখলদারিত্ব, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পবিত্র মসজিদুল আকসার মর্যাদা, নিরাপত্তা এবং মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতের অধিকার নিশ্চিত করতে হবে।”

বাণীর শেষাংশে ফিলিস্তিনি জনগণের মুক্তি ও কল্যাণ কামনা করে জামায়াত আমির মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি নির্যাতিতদের প্রতি রহমত, শহীদদের শাহাদাত কবুল, আহতদের সুস্থতা এবং বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ আশ্রয় কামনা করেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button