Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ভারতে বাংলাদেশের তিন ভিসাকেন্দ্র বন্ধ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নিরাপত্তার আশঙ্কায় ভারতের রাজধানী নয়াদিল্লি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং আগরতলার বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সোমবার বাংলাদেশের ভিসাকেন্দ্র ভাঙচুর করেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এ ভাঙচুর চালায়। পরে সেটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে হিন্দু নেতারা হুমকি দিয়ে বলেন, এটি আর যেন না খোলা হয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে চরমপন্থি সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র বিক্ষোভের কারণে নিরাপত্তার আশঙ্কায় সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ওই রাতে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৪ জনের একটি দল সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। এ ঘটনায় রোববার বিকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে, সেখানে হিন্দু চরমপন্থিরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যাশিত নয়। এ ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশন থেকেও সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Back to top button