News

জামায়াতের ওয়াকআউট করা সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের গেজেটে কী আছে

সংসদ অধিবেশন ও জামায়াত লোগো© দ্যা ঢাকা ডায়েরি ছবি
বিরোধী দলের আপত্তির মধ্যেই ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ পাস হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিলটি পাস হয়। বিলটি কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল। বিলটি পাসের আগে এর জনমত যাচাই নিয়েও আপত্তি জানায় বিরোধী দলের সংসদ সদস্যরা। একপর্যায়ে তারা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
 
পাস হওয়া সংশোধিত আইনে সম্পত্তি দানের পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে ওই সম্পত্তির ভোগাধিকার এবং মালিকানা আইন অনুযায়ী গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে।
 
আইনে বলা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ তাদের সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করতে পারবেন। একইভাবে সন্তান বা নাতি-নাতনিও পিতা-মাতা বা পিতামহ-মাতামহকে সম্পত্তি দান করতে পারবেন। এ ছাড়া স্বামী-স্ত্রীর মধ্যেও সম্পত্তি দান করা যাবে।
 
তবে সম্পত্তি দানের পরও দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে ওই সম্পত্তির ভোগাধিকার থাকবে। পরে আইন অনুযায়ী সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে।
 
১৮৮২ সালের ‘দ্য ট্রান্সফার অব প্রোপার্টি অ্যাক্ট’ সংশোধনের জন্য বিলটি আনা হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন। বিলের ওপর জনমত যাচাই, কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে এটি পাস করা হয়।
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হয়েছিল।
 
বিলটির বিরোধিতা করে রবিবার সন্ধ্যায় দুই দফায় সংসদ অধিবেশন থেকে বের হয়ে যায় বিরোধী দল। প্রথম দফায় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। কয়েক মিনিট পর তারা আবার সংসদে ফিরে আসেন। পরে রাত ৮টা ১০ মিনিটে বিলটির বিরোধিতা করে বিরোধী দলীয় নেতা ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন। তিনি বলেন, ‘এই বিল পাসের অংশীদার হবো না। তাই এখন ওয়াকআউট করছি।’
 
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেন, ‘ওয়াকআউট করার জন্য আপনাকে ধন্যবাদ।’
 
এর আগে জনমত যাচাইয়ের সময়ও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ বর্জন করেন। পরে বিলটি নিয়ে আবার সংসদে ফিরে এসে বিরোধিতা জানান এবং শেষ পর্যন্ত ওয়াকআউট করেন।
 
বিরোধী দলের দাবি, বিলটির বিভিন্ন বিধান কোরআন-সুন্নাহবিরোধী। এ কারণে শুরু থেকেই তারা বিলটির বিরোধিতা করে আসছিল। শেষ পর্যন্ত তাদের আপত্তির মধ্যেই সংসদে সংশোধনী বিলটি পাস হয়।
 
পিডিএফ দেখুন এখানে

source: The Dhaka Diary

Back to top button