Bd বাংলাদেশ

প্রবাসীর বাড়িতে ডাকাতি করায় কৃষকদল নেতাকে বহিষ্কার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কৃষক দল নেতা মো. সাহাবউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য এবং ১২নং চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

বুধবার (৪ মার্চ) লক্ষ্মীপুর জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লক্ষ্মীপুর জেলা শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের প্রমাণ পাওয়ায় সাহাবউদ্দিনকে পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: ঈদের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক দল নেতা

আরও জানানো হয়, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩ মার্চ (মঙ্গলবার) গভীর রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বলি বাড়ি এলাকায় প্রবাসী সালমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল গভীর রাতে বাড়িতে ঢুকে মালামাল লুটপাট করে। পরবর্তীতে বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলে সেখানে রাত দেড়টার দিকে সংঘটিত ডাকাতির দৃশ্যে সাহাবউদ্দিন ও তার সঙ্গীদের সরাসরি অংশ নিতে দেখা যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, কৃষকদল নেতা ও তার অনুসারীদের হাতে দেশীয় অস্ত্র নিয়ে তারা ঘরে থাকা মালামাল নিয়ে যাচ্ছে। পরে সিসিটিভির এই ফুটেজে নেতার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরই দলীয়ভাবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

ইরান যুদ্ধে অংশগ্রহণের ন্যায্যতা দেখানোর জন্য ‘শেষ যুগ’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button