‘যে’ বক্তব্য প্রত্যাহার করে নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের বিরুদ্ধে দেওয়া বিতর্কিত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এক বিএনপি নেতাকে দল থেকে শোকজ করায় তিনি বিএনপি নেতৃত্বকেও ধন্যবাদ জানিয়েছেন।
গত রবিবার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী তার অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, “ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি, ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।” এর আগে তিনি অন্য একটি স্ট্যাটাসে পবিত্র রমজান মাসে সবাইকে ধৈর্য ও শান্তির পথে চলার আহ্বান জানান।
সম্প্রতি বরিশালের হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপির এক বিভাগীয় ইফতার মাহফিলে মির্জা আব্বাসকে ইঙ্গিত করে বেশ কিছু কড়া মন্তব্য করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি বলেছিলেন, “আপনাকে গোনার টাইম নেই। ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না।” তিনি আরও মন্তব্য করেছিলেন যে, মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে পরাজিত হওয়ার পর তারেক রহমান নিজে এসে তাকে রক্ষা করেছিলেন।
নাসীরুদ্দীনের এমন বক্তব্যের পর মির্জা আব্বাসের মানহানির অভিযোগ এনে এনসিপির এই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপির এক নেতা। তবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ এবং ‘অতি উৎসাহী’ হয়ে মামলা করার অভিযোগে পরবর্তীতে ওই বিএনপি নেতাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়। মূলত এরপরই নাসীরুদ্দীন তার আক্রমণাত্মক বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com

