ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চান যুবদল নেতা শামীম হোসেন লস্কর। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে বিষয়টি মীমাংসার জন্য সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতব্বররা সালিশে বসেন। সালিশ চলাকালে উভয় পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

