মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: নিখোঁজ ক্রুর সন্ধানে মরিয়া যুক্তরাষ্ট্র ও ইরান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুকে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। তাকে উদ্ধারে দেশটির স্পেশাল ফোর্সের সেনারা গতকাল শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীও বিমানটির ক্রুকে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। একই সঙ্গে নিখোঁজ ক্রুকে জীবিত অবস্থায় আটক করতে পারলে বড় পুরস্কার দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানের দক্ষিণাঞ্চলে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল। একই সঙ্গে পারস্য উপসাগরের ওপর আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।
মার্কিন সংবাদমাধ্যম বলছে, ভূপাতিত প্রথম বিমানটির উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালির কাছে এ-১০ যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি করা হয়। তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে যুদ্ধবিমানটির দ্বিতীয় ক্রু সদস্যের জন্য এখনো অনুসন্ধান চলছে।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ দুজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অনুসন্ধান অভিযান এখনো চলছে বলে জানিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারী দলে দুটি হেলিকপ্টার এবং একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমান ছিল।
ওই খবর অনুযায়ী, এফ-১৫ থেকে উদ্ধার করা পাইলটকে বহনকারী একটি হেলিকপ্টার ছোট অস্ত্রের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়, এতে ভেতরে থাকা ক্রুরা আহত হয়েছেন। যদিও হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
সিবিএস বলছে, এ-১০ আঘাতপ্রাপ্ত হওয়ার পর পাইলট পারস্য উপসাগরের ওপর থাকার সময় বেরিয়ে আসেন এবং পরে তাকে উদ্ধার করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি যে তারা একটি এ-১০ যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। যদিও সিবিএস যেই বিমানের কথা বলেছে এটিই সেটি কি-না তা পরিষ্কার নয়।
যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, খুজেস্তান প্রদেশে একটি মার্কিন বিমান এবং দুটি হেলিকপ্টার যুদ্ধবিমানের ক্রুদের খোঁজ করছে।এ ছাড়া তল্লাশি অভিযান চলাকালে ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকায় হামলা স্থগিত রেখেছে বলে খবর এসেছে।
ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে খুঁজে পেতে বিশেষজ্ঞ মার্কিন যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে এলাকা চষে বেড়াবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওই সাবেক কমান্ডার এ কথা বলেছেন। তিনি বলেন, ‘যদি উদ্ধার লক্ষ্যমাত্রা এমন এলাকায় থাকে যেখানে হেলিকপ্টার পৌঁছাতে পারে না, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে স্কোয়াডের সদস্যরা নেমে স্থলপথে উদ্ধার অভিযান চালাবে।’
এদিকে নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত অবস্থায় আটক করতে পারলে বড় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় মার্কিন দলগুলো প্রবল গুলিবর্ষণের মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে ৩৬৫ জন মার্কিন সেনার আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এর মধ্যে সেনাবাহিনীর ২৪৭, নৌবাহিনীর ৬৩, মেরিন ১৯ ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com
