কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠা মাহি চৌধুরী অর্ণব নামে এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব-কে তার সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপরোক্ত ব্যক্তির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা সকল পর্যায়ের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর উত্তর ইব্রাহিমপুরে মাহিকে আটক করেন কয়েকজন ভুক্তভোগী। তাদের অভিযোগ, নিজেকে ক্যাটফুড ব্যবসায়ী পরিচয়ে ঢাবির একাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন মাহি।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: banglamagazinenews.com

