যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক মার্কিন সেনা আহত

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ। শুক্রবার (১৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন কর্মকর্তাদের বরাতে সিবিএস জানিয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অন্তত দুটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় ‘বেশ কয়েকজন মার্কিন সেনা’ আহত হয়েছেন। তবে আহত সেনার সংখ্যা ও তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় কোনো মার্কিন বা জর্ডানীয় সেনা নিহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
একইসঙ্গে হামলাটি ঠিক কখন এবং জর্ডানের কোন ঘাঁটিতে হয়েছে, তাও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র সাধারণত জর্ডানে তাদের ব্যবহৃত সব সামরিক স্থাপনার তথ্য প্রকাশ করে না।
গত এক সপ্তাহ ধরে ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
শুক্রবার সন্ধ্যায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে টানা সপ্তম রাতের মতো হামলা চালায়। এরপরই ইরান আবারও পাল্টা হামলা শুরু করে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সকালে ‘অপারেশন লাইটনিং’ এর ১৪তম ধাপে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক, কুয়েতের আল-উদেইরি ক্যাম্পের অস্ত্রভাণ্ডার এবং আলী আল-সালেম বিমানঘাঁটির সদর দপ্তর, অস্ত্র সংরক্ষণাগার ও সংযোগ সেতু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এর আগে ইরান দাবি করেছিল, জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, সেন্টকম জানিয়েছে, সিরিয়ার আল-তানফ ঘাঁটিতে ইরানের হামলায় কোনো মার্কিন সেনা নিহত বা আটক হননি।
source: Barta Bazar

