Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফ্যাক্ট চেক

স্পেনের ফুটবলার গাভিরার নামে ভুয়া উক্তি শেয়ার করলেন সিনিয়র লেখক আনিসুল হক

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র কথাসাহিত্যিক আনিসুল হক ২০ জুলাই নিজের ফেসবুক প্রোফাইলে স্পেনের ফুটবলার পাবলো মার্তিনেজ পায়েস গাভিরার নামে ছড়ানো একটি ভুয়া উক্তি সম্বলিত ফটোকার্ড পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে আনিসুল হক লিখেছেন, “কমিটির টিম কি ওরাও জানে!!”

প্রচারিত ফটোকার্ডে গাভিরার উক্তি হিসেবে লেখা রয়েছে, “আমি শুধু জিজ্ঞেস করেছিলাম ‘এবার কি ইনফান্তিনো তোমার ফোন ধরেনি?’ আর তখনই সে রেগে যায়। আমি যা বলতে চেয়েছিলাম, সেটাও শেষ করতে দেয়নি।”

দেখুন এখানে। 

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনার পর স্পেনের ফুটবলার গাভির নামে এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়েছে, আর্জেন্টিনার ফুটবলার লিয়ান্দ্রো প্যারেদেসের সঙ্গে বাগ্‌বিতণ্ডার বিষয়ে এক সাক্ষাৎকারে গাভি এমন মন্তব্য করেছেন। 

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, গাভি এমন কোনো বক্তব্য দেননি।

কী-ওয়ার্ড সার্চ এ কথিত উক্তিটি ‘David Ornside’ নামের একটি প্যারোডি এক্স অ্যাকাউন্ট থেকে প্রথমে প্রকাশ করা হয়। 

এক্স অ্যাকাউন্টটির বায়োতে স্পষ্টভাবে লেখা রয়েছে, “Football Fiction & Satire” এবং “Don’t believe a Single Word”, অর্থাৎ এটি ফুটবলবিষয়ক কাল্পনিক ও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করে এবং এর কোনো বক্তব্য বিশ্বাস না করার সতর্কতা দেওয়া হয়েছে।

অ্যাকাউন্টটির নাম ও প্রোফাইল উপস্থাপনের ধরন ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের পরিচিত ফুটবল সাংবাদিক ডেভিড অর্নস্টেইনের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এটি তার আসল একাউন্ট নয়।

স্পেনের কাতালোনিয়াভিত্তিক ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ভেরিফিক্যাটও গাভির নামে ছড়ানো বক্তব্যটি যাচাই করে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কথিত বক্তব্যগুলো প্যারোডি অ্যাকাউন্টটির তৈরি এবং এর পক্ষে কোনো সাক্ষাৎকার বা নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।

সংশোধনী : প্রতিবেদনের আগের ভার্সনে উক্তিটি লিওনেল মেসির বিষয়ে বলে উল্লেখ করা হয়েছিল, যা সঠিক ছিল না। নতুন ভার্সনে সঠিক তথ্য আপডেট করা হয়েছে।

source: The Dissent

Leave a Reply

Back to top button