সর্বশেষ

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে ৩ জন নিহত, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এ অবস্থায় দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে বালেন্দ্র শাহ নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তিনি বলেন, দেশে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য বজায় রাখতে সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শন করতে হবে।

সরকারি তথ্য অনুযায়ী, গত রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।

আবি নারায়ণ কাফ্লে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুজন নিহত হন। পরদিন পার্শ্ববর্তী সিরাহা জেলায় কারফিউ অমান্য করে বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়।

পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কঠোর কারফিউ জারি করা হয়েছে। সরকার জানিয়েছে, সহিংসতার ঘটনায় একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফ্লে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই তাদের প্রধান লক্ষ্য।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button