নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা, ১২১ ককটেল বিস্ফোরণ ও ৯৯ যানবাহনে আগুন দেওয়া হয়েছে

নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে অন্তত ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ২১৩টি নাশকতার ঘটনার মধ্যে ১২১টি ছিল ককটেল বিস্ফোরণ এবং ৯৯টি ছিল যানবাহনে আগুন দেওয়ার ঘটনা। এসব ঘটনা ঘটেছে ১ থেকে ২৩ নভেম্বরের মধ্যে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে তিনি জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত ৬২টি মামলা হয়েছে এবং ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী নিষিদ্ধ সংগঠন কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ৭২টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
উপদেষ্টা জাহিদ বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে দলটির মিছিলসহ অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড বেআইনি। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরে জাহেদ বলেন, পুলিশের স্থাপনায় চারটি হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ২৮টি ঘটনায় পুলিশের যানবাহনে আগুন দেওয়া হয়েছে।পুলিশের স্থাপনা ও যানবাহন লক্ষ্য করে চারবার ককটেলও নিক্ষেপ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশের নথির তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা এবং ২৩টি অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। এ পর্যন্ত আটটি মামলা হয়েছে, ১৯টি জিডি করা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পুলিশি নথির বাইরে গণমাধ্যমে আরও ৭২টি ঘটনার খবর প্রকাশিত হয়েছে বলে জানান উপদেষ্টা। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপদেষ্টা জানান, বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় এখন পর্যন্ত দলটির চারজন নেতা-কর্মী নিহত হয়েছেন। সংসদ সদস্যসহ কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। একটি হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে।
তিনি এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধের সময়ও হাসপাতালকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন এবং বাংলাদেশ তার মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে। তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বলে জানান তিনি। শেখ হাসিনা নিজেও দেশে ফিরতে চান এবং বাংলাদেশও তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে। তাই এ ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।
নড়াইলে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ বলেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় হিন্দুদের বড় কোনো বসতি নেই। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের প্রচারণা দুই দেশের সম্পর্কের ক্ষতি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম ও সরকারকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা।
source: The Dhaka Diary