সর্বশেষ

পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি

পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে ভোলার লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন (গজারিয়া) ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ভোলা জেলা ছাত্রদল। শুক্রবার ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর আগে লালমোহনে শরীফ বেপারীর বিরুদ্ধে এক স্থানীয় ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ২০২৩ সালে তাঁর বিয়ের পর থেকেই শরীফ বেপারী তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। নিয়মিত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তাঁদের সম্পর্ক তৈরি হয় এবং বিষয়টির প্রতিবাদ করলে শরীফ তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগ উঠে। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ চ্যাটের কয়েকটি স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নিজাম উদ্দিন বাবু জানান, উদ্ভূত অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্তের পর ভোলা জেলা ছাত্রদল তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে, ওঠা অভিযোগগুলোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে শরীফ বেপারীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button