সর্বশেষ

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক-কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে আমদানি কার্যক্রম শুরু হবে। সরকারের আশা, এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

বাজার পরিদর্শনের সময় মন্ত্রীরা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমদানির অনুমোদনের পাশাপাশি শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে সরবরাহ বৃদ্ধি পাবে এবং বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে এর দাম ৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছিল, যা সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

বাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থে বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, বাজারের প্রকৃত চিত্র বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরতে। এতে ভোক্তাদের সচেতনতা বাড়বে, বিভ্রান্তি কমবে এবং কৃত্রিম সংকট বা মূল্য কারসাজির সুযোগও হ্রাস পাবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। সভা শেষে তারা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।

সরকারের নেওয়া পদক্ষেপের ফলে কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে এবং বাজারে মূল্য স্থিতিশীলতা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button