চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশ। অচিরেই এই মর্যাদায় বাংলাদেশ সংস্থাটির সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংস্থাটির মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, বিশ্বজুড়ে ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা এবং বৈষম্যহীন পরিবেশে মানবকল্যাণমূলক নিরাপদ এআই রেগুলেশন তৈরি করা।
চীনের সবচেয়ে বড় বাণিজ্য নগরী সাংহাইকে সদর দপ্তর করে গঠিত এই আন্তঃসরকার সংস্থাটিতে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ ‘গ্লোবাল সাউথ’-এর ২৯টি প্রাথমিক সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংস্থাটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এআই প্রযুক্তিতে একক কোনো দেশের নিয়ন্ত্রণের বিরোধিতা করে একে আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে, মার্কিন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের সময় বাংলাদেশে চীনা প্রযুক্তির প্রভাব ও ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রসঙ্গটি উঠে আসে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, প্রযুক্তির এই নতুন যুগে বিশ্ব মূলত দুই ব্লকে বিভক্ত হওয়ার মতো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সংস্থাটি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এআই আগামী সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি হতে চলেছে।
source: Azadir Dak