News

‘হাসিনার বিষয়ে ভারতের বক্তব্য সম্পর্কোন্নয়নের জন্য অনুকূল নয়’

সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কোন্নয়নের যে ধারণা বা প্রচেষ্টা ছিল, দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়ার ঘটনা সেটার জন্য অনুকূল বা সহায়ক ভূমিকা পালন করছে না।

রোববার বিবিসি বাংলার এক প্রতিবেদনে হুমায়ুন কবিরের এই মন্তব্য তুলে ধরা হয়।

ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শেখ হাসিনার সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। অনুষ্ঠানের বক্তব্যকেও সমর্থন করে না ভারত সরকার।

কিন্তু সেই অনুষ্ঠান ঘিরে ভারতের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ভারত সরকার কোনো দায়-দায়িত্ব নিচ্ছে না বা তারা এর সঙ্গে যুক্ত নয় বা তারা এই মতের সঙ্গে একমত নয়, এই কথাগুলো সত্যিকার অর্থেই কোনো অর্থ বহন করে না।’

হুমায়ুন কবির মনে করেন, বাংলাদেশ সরকার যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে বাংলাদেশের সাধারণ মানুষের মতের প্রতিফলন উঠে এসেছে।

বাংলাদেশ সরকার অভিযোগ করছে, এ ধরনের সংবাদ সম্মেলনের ক্ষেত্রে ভারত সরকারের সমর্থন ছিল। ঘটনাটি দুই দেশের সম্পর্কোন্নয়নের চেষ্টায় বাধা তৈরি করছে—এমন ইঙ্গিত দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

কর্মকর্তারা বলছেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আগেই বাংলাদেশের উদ্বেগের কথা ভারতকে জানানো হয়েছিল। এর পরও সেই সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই আয়োজন বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও এমন একটি প্রকাশ্য অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর দুঃখ প্রকাশ করছে।’

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button