News

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানানো হয়নি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এবং গত ৩ আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে পৃথক বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।

এদিকে, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাইরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে যান ভারতীয় হাইকমিশনার।

পরে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, তিনি এখন কোনো কথা বলবেন না।

রোববার দুপুরে রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য নির্মিত একটি খেলাঘর উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রিবেদী বলেছিলেন, ‘আমি মনে করি বাংলাদেশ ও ভারত—দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।’

‘উভয় দেশের প্রধানমন্ত্রীই অত্যন্ত জনবান্ধব। ফলে বিদ্যমান সংকটগুলোর ইতিবাচক সমাধানের বিষয়ে তার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।’ দুই দেশের মধ্যে কোনো নেতিবাচকতা নেই, বরং সবকিছুই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button