প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ

গত তিন দশকে শিক্ষাব্যবস্থার প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধি, ঝরে পড়া কমানো, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষার বিস্তারে দেশটি বড় সাফল্য দেখিয়েছে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট-২০২৬’-এ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার এই অগ্রগতির চিত্র উঠে এসেছে। ‘অ্যাকসেস অ্যান্ড ইকুইটি : কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা খাতের রূপান্তরকে বিশেষ কান্ট্রি কেস স্টাডি হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ছিল মাত্র ৩৪ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে, যা বৈশ্বিক গড় ৮৮ শতাংশের চেয়েও বেশি। একই সময়ে নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশে উন্নীত হয়েছে।
source: Daily Amar Desh