News
কমিটির হাতে শিক্ষক নিয়োগ ক্ষমতা দলীয়করণের অন্যতম পথ খুলে দেবে— হাসনাত

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও দলীয়করণের অন্যতম পথ খুলে দেবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার(১০ আগস্ট) নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও দলীয়করণের অন্যতম পথ খুলে দেবে। শিক্ষক নিয়োগ হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায়,কোনো স্থানীয় প্রভাব বা রাজনৈতিক বিবেচনায় নয়। তাই শিক্ষার মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রক্ষায় এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে।”
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে আগের মতো ম্যানেজিং কমিটি বা স্থানীয় বোর্ডের মাধ্যমে শিক্ষক নিয়োগের পুরনো পদ্ধতি ফিরিয়ে আনার প্রস্তাব ও আলোচনা শিক্ষা মন্ত্রণালয়ের সভায় উঠেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গন ও ছাত্র সংগঠনগুলো অত্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন এই চিন্তাভাবনার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়ে একে শিক্ষা খাতকে আবারও দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অন্ধকারে ঠেলে দেওয়ার একটি ‘হঠকারী পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছে। রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুনরায় নিজস্ব দলীয়করণ ও পকেট সিন্ডিকেট প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই ক্ষমতা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
source: The Dhaka Diary