News
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওয়ের ব্যাখ্যা, পুলিশ বলল— জুতাগুলো মন্ত্রীর নয়

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণাকে সম্পূর্ণ অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। তাদের মতে, পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়।
ফেসবুক পোস্টটিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে যে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, তা অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত।
পুলিশের দাবি, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জও (ওসি) জুমার নামাজ আদায় করেন। মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজের জুতা খুলে প্রবেশ করেন এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। মসজিদের প্রবেশপথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল। ওসি কর্তৃক মন্ত্রী মহোদয়ের জুতা বা স্যান্ডেল বহন করার প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়।
পুলিশকে হেয় প্রতিপন্ন না করার আহ্ববান করে ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
source: The Dhaka Diary