গোপালগঞ্জে পৃথক ৩ স্থান থেকে ৩ ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জের পৃথক ৩ স্থান থেকে এক বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর থেকে এক বৃদ্ধ, কাশিয়ানী থেকে এক কৃষক ও সদর উপজেলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল শনিবার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় কুমার নদে পাট ধোয়ার পর সাঁতরে নদীর অপর পাড়ে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান বৃদ্ধ মিজানুর রহমান খলিফা। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে উপজেলার ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি নিখোঁজ মিজানুর রহমান খলিফার বলে শনাক্ত করা হয়।
এছাড়া সদর উপজেলার কাজুলিয়া গ্রামে নিজ ঘর থেকে শান্ত মোল্যা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, নেশা করার জন্য টাকা না দেওয়ায় রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ছাড়া কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে বাবুল মিয়া নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী বলেন, বাবুল মাদকাসক্ত ছিলেন।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মুকসুদপুর থেকে উদ্ধার করা বৃদ্ধের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনটি ঘটনার পৃথকভাবে তদন্ত করা হচ্ছে।
source: The Daily Campus