News

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ১০ প্লাটুন মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের অধিকাংশের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতির সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এ ছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতেই এ প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু রাখা হয়েছে।

বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা দায়িত্ব পালন করছেন।

এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন বিজিবি সদস্যরা।

বার্তায় আরও বলা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি সব সময় প্রস্তুত রয়েছে। সরকারের অর্পিত যেকোনো দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনে বিজিবি বদ্ধপরিকর।

উল্লেখ্য, এর আগে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদেও রদবদল আনা হয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button