News

শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে ক্বারী ইব্রাহিম নামে এক শিক্ষক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে উপজেলার মধ্য সাগরদি হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসার শিক্ষকরা জানান, ক্বারী ইব্রাহীম মাদ্রাসায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, ক্বারী ইব্রাহীম প্রায় ২০ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কোরআন শিক্ষাদানেও যুক্ত ছিলেন। তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

আজ জোহরের নামাজের পর মধ্য সাগরদী জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মাদ্রাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, ‘ক্বারী ইব্রাহীম দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আমাদের মাদ্রাসায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার আকস্মিক মৃত্যুতে একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি হারুনুর রশিদ বলেন, ক্বারী ইব্রাহীম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক। কর্মস্থলে পাঠদানের সময় তিনি মৃত্যুবরণ করেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button