News

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি

শনিবার (২২ আগস্ট) সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হওয়ার পর পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। পরীক্ষার পর বাড়ি ফেরার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।

এ ঘটনায় ওই পরীক্ষার্থীর বাবা রাতে পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১০৩৩/২৬। বর্তমানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করছেন।

নিখোঁজ পরীক্ষার্থী শাওরিন সোলতানা আঁখি রাজাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দরীপাড়ার বাসিন্দা মো. আজমগীরের মেয়ে। তিনি রাজাখালী ফৈয়জুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাওরিন। পরীক্ষা শেষে দুপুরের দিকে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শাওরিনের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের মোবাইল নম্বর ০১৮২৪-৪০৩০২৩-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button