লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী (সা.) পালিত

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে শহরের উত্তর তেমুহনী সংলগ্ন লিল্লাহ মসজিদ প্রাঙ্গণ থেকে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামা‘আত, লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যক্ষ মুফতি আতাউল করিম মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি হেলাল উদ্দিন আল কাদেরী, দালাল বাজার সাওতুল মদিনা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মুরশিদুল আলম কাদেরী, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. মেজবাউল ইসলামসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে দেশবাসীকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের আহ্বান জানান।
তারা বলেন, আখিরি নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার শান্তির দূত। তিনি আল্লাহর প্রেরিত মুসলিম জাহানের সর্বশেষ রাসুল। তাঁর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
source: The Daily Campus